সাবেক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। সোমবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে।
বিসিবি কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম প্রতিবেদনটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে তুলে দেন।
এ সময় কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। বিসিবির একাধিক বোর্ড সদস্যও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক নারী দলের অধিনায়ক জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে বিসিবি এই স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। অভিযোগগুলো নিয়ে দেশজুড়ে আলোচনার পর বিসিবি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে।

