বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় জলাভূমি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ‘প্রকৃতিবন্ধন’ কর্মসূচি পালন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— জলাভূমি ও প্রথাগত জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন।
সোমবার বিকেলে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালি গ্রামে ধনু নদীর শাখা জিদাইখুরা নদীর একটি সেতুর ওপর এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন গ্রীন কোয়ালিশন। পরিবেশ রক্ষায় গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা অংশ নেন।
কর্মসূচিতে হাওর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলে, কৃষক ও পরিবেশকর্মীরা অংশ নেন। প্রকৃতিবন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিশুরা ‘জলাভূমি ভরাট করব না, ভরাট করতে দেব না’—এই অঙ্গীকার ব্যক্ত করে। এ ছাড়া শিক্ষকরা তাঁদের শ্রেণিকক্ষে জলাভূমি সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বারসিকের জেলা সমন্বয়কারী মো. অহিদুর রহমান বলেন, জলাভূমিগুলো ভরাটমুক্ত রাখা গেলে শুধু হাওরের বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হতো তা নয়, বরং উদ্ভিদ ও প্রাণিকুলে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসত। জীববৈচিত্র্য টিকে থাকলে ফসল উৎপাদন যেমন বাড়ত, তেমনি হাওর এলাকার মানুষের জীবনমানও উন্নত হতো। এ জন্য খাল, বিল ও নদী-নালা খননের বিকল্প নেই।

