পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে নতুন করে অংশ নিচ্ছে হায়দরাবাদ ও শিয়ালকোট। ১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে হায়দরাবাদের মালিকানা কিনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এফকেএস। টুর্নামেন্টের নিলামের আগে দলটি তাদের প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পিকে।
পিএসএল শুরুতে লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পেশাওয়ার জালমি ও করাচি কিংস দিয়ে শুরু হয়। পরে আগ্রহের ভিত্তিতে নতুন দল হিসেবে যোগ দেয় মুলতান সুলতান্স। এক দশক পর পিসিবি এবার নতুন দুই দল হায়দরাবাদ ও শিয়ালকোটকে যুক্ত করেছে। নিলামের মাধ্যমে ১৭৫ কোটি রুপিতে হায়দরাবাদ কিনেছে এফকেএস।
শিয়ালকোটের মালিকানা ১৮৫ কোটি রুপিতে পেয়েছে রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজেড ডেভেলপারস। মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে দুই ফ্র্যাঞ্চাইজিই দল গঠনের কাজ শুরু করেছে। তবে শিয়ালকোটের চেয়ে আগে এগিয়ে গেছে হায়দরাবাদ, তারা নিলামের দুই সপ্তাহ আগে কোচ নিয়োগ নিশ্চিত করেছে।
হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে গিলেস্পির নিয়োগের মাধ্যমে পিএসএলে ফেরার পথে অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার। ২০২৪ সালের এপ্রিল মাসে পিসিবি তাকে পাকিস্তানের লাল বলের ক্রিকেটের প্রধান কোচ নিয়োগ দিয়েছিল। দুই বছরের চুক্তি থাকলেও ৬ মাসের মধ্যে যোগাযোগের ঘাটতি ও বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি পদত্যাগ করেন। এবার তিনি পিএসএলে কাজ করবেন।
পিএসএল নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নিলাম সংক্রান্ত রূপরেখা সম্প্রতি প্রকাশ করেছে পিসিবি গভর্নিং কাউন্সিল। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিলামে সর্বোচ্চ ব্যয় সীমা নির্ধারণ করা হয়েছে ৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) পাকিস্তানি রুপি। তবে কোনো ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করলে সেই সীমা বাড়িয়ে ৫০৫ মিলিয়ন (৫০.৫ কোটি) রুপি করা যাবে।
এছাড়া প্রতিটি ক্যাটাগরির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪ কোটি ২০ লাখ রুপি, এরপর ২ কোটি ২০ লাখ, ১ কোটি ১০ লাখ ও ৬০ লাখ রুপি। প্রতিটি দল ১৬ থেকে ২০ জন ক্রিকেটার দলে নিতে পারবে, যেখানে ৫ থেকে ৭ জন বিদেশি ক্রিকেটার নিয়োগের সুযোগ থাকবে।
দলের ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিরা দুই বছরের চুক্তি করবে। এছাড়া প্রতিটি দলের একাদশে অন্তত দুইজন ২৩ বছরের কম বয়সি পাকিস্তানি ক্রিকেটার রাখতে হবে। পিএসএলের সর্বশেষ আসরে খেলেননি এমন ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ থাকবে। নিলামের আগে প্রতিটি দল চারজন ক্রিকেটার রিটেইন করতে পারবে, যেখানে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় রিটেইন বাধ্যতামূলক।

