বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা থেকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তিনটি ভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।
এ সময় উপজেলার গারুড়িয়া ও কলসকাঠী ইউনিয়নের লাইসেন্সবিহীন ‘দুবাই ব্রিকস’, ‘খান ব্রিকস’ এবং ‘ওয়ান স্টার ব্রিকস’-এ অভিযান চালানো হয়।
তিন ইটভাটায় নিয়ম না মেনে ইট উৎপাদন, কাঁচা ইট খোলা জায়গায় স্তূপ করে রাখা, চিমনি মানদণ্ড না মানা এবং কৃষিজমি নষ্ট ও অবৈধ কাঠ ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ক্ষতির দায়ে তিন ভাটা থেকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ইটভাটার ড্রাম চিমনি ভেঙে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

