নাটোরের সিংড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় উপজেলার শেরকোল উচ্চ বিদ্যালয় মাঠে শেরকোল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সহস্রাধিক এতিম ও অসহায় মানুষ অংশ নেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য রুহুল আমিন, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলীম খাজা, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখের আলী, গোলাম মোস্তফা, সোহরাব আলী, আন্তাজ আলী, যুবদল নেতা পলাশ মাহমুদ, ছাত্রদল নেতা শিহাব উদ্দিন শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন ওলামাদল নেতা মাওলানা আব্দুল হাকিম।
দোয়া মাহফিলের আয়োজক বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিম ও অসহায়দের নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটি ক্ষুদ্র মানবিক প্রচেষ্টা।

