বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে বিতর্কিত মন্তব্য করার কারণে তাকে ক্যারেকশন বা ‘রিজয়েন্ডার’ দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুলবুল জানিয়েছেন, বিষয়টি আগামী বিসিবি সভাতেও খোলামেলা আলোচনা হবে। তিনি বলেন, তামিমকে নিয়ে মন্তব্য করার আগে নাজমুলকে আরও ভাবা উচিত ছিল এবং সাবেক জাতীয় অধিনায়ক হিসেবে তামিমের প্রতি সম্মান দেখানো প্রয়োজন ছিল।
বুলবুল বলেন,’নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক থেকে এই মন্তব্য করেছেন। আমরা তাকে বলেছি, একটা রিজয়েন্ডার দেন। বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে যেভাবে তামিমকে দেখেছি এবং পারফরম্যান্স করেছি, তার প্রতি সম্মান দেখানো দরকার ছিল।’
এর আগে শুক্রবার নাজমুল গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই মন্তব্যের জন্য কোনো ক্ষমা চাইবেন না। তিনি দাবি করেছেন, তার মন্তব্য দেশের জনগণের মতের প্রতিফলন।
তিনি বলেন,’এখানে তো প্রশ্নই আসে না। এখানে ক্ষমা না-ক্ষমার কোনো বিষয় নেই। আমি দেশের মানুষের মতামতের প্রতিফলন হিসেবে এটি করেছি।’
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে তামিমকে প্রশ্ন করা হলে, যদি তিনি বোর্ডে থাকতেন এবং ভারতে বিশ্বকাপ খেলাকে নিয়ে সিদ্ধান্ত নিতে হতো, তিনি বলেন,’বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু ভেবেই আমি সিদ্ধান্ত নিতাম।’
এবারের উত্তেজনা মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা থেকে শুরু হয়েছে। এই ঘটনায় বিসিবি কঠোর অবস্থান নিয়ে ঘোষণা করেছে, বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না। টাইগার দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর জন্য বিসিবি আইসিসিকে দুই দফায় চিঠি পাঠিয়েছে। এই প্রসঙ্গে তামিমের সমালোচনামূলক মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে।

