কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, শুক্রবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নুর কামাল (২৫)। তিনি একই ক্যাম্পের আবুল কালামের ছেলে।
পুলিশের দাবি, নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি নিজের নামেই একটি বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
এডিআইজি কাউছার সিকদার জানান, নুর কামালের সঙ্গে খালেক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নুর কামাল গুলিবিদ্ধ এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা তদন্তে পুলিশ জানিয়েছে, এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষটি ঘটেছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

