ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

0
ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

স্থানীয়রা জানায়, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ধামাউড়া গ্রামের আব্দুল আজিজ এর মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শুক্রবার রাত ৯টার দিকে বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল আজিজ ও আব্দুল খালেকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকে দুই গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা চলছিল। 

আজ শনিবার সকালে আব্দুল খালেকের লোকজন আব্দুল আজিককে মারধরের চেষ্টা চালায়। এর জেরে দুপুরে রানীদিয়া গ্রামে দুই গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, অর্থনৈতিক লেনদেন নিয়ে তাদের দুইজনের মধ্যে পূর্ববিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here