প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলা শাখা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক হৃদয় সরকার, যুগ্ম আহ্বায়ক তানজিম আহমেদ হৃদয়।
আরও উপস্থিত ছিলেন ছাত্রশক্তির নেতা ফরহাদুল ইসলাম সানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবীরসহ বিভিন্ন পরীক্ষার্থী। বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যা মেধাবী ও যোগ্য প্রার্থীদের সঙ্গে চরম অবিচার।
তারা অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
