পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে এবং শিগগিরই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে বলা হয়েছে, তুরস্ক যুক্ত হলে পাকিস্তান-সৌদি-তুরস্কের মধ্যে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গড়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
বিশ্লেষকদের মতে, এই জোটে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি একত্রিত হতে পারে। যুক্তরাষ্ট্র ও নেটোর ওপর আস্থার ঘাটতির কারণে তুরস্ক বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে আগ্রহী হচ্ছে। যদিও তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এই জোট বাস্তবায়িত হলে ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

