বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দু’বার উইকেটের হ্যাটট্রিক করলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এখন পর্যন্ত নয়জন ক্রিকেটার হ্যাটট্রিকের খাতায় নাম লেখালেও আর কেউই বিপিএলে হ্যাটট্রিকের দেখা পাননি। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২০তম ওভারে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ ম্যাচে তাকে নিয়ে মাঠে নামে বিপিএলের অন্যতম সফল দল। কিন্তু শুরুতে ২ ওভারে ৩৫ রান দিয়ে অধিনায়কের আস্থা হারান বাঁহাতি পেসার। তাকে আবার শেষ ওভার করতে নিয়ে আসেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ওভারের প্রথম দুই বলে একটি দুই ও দ্বিতীয় বলে ছক্কা হজম করেন। রংপুরের অধিনায়ক ছিলেন পুরোপুরি বিরক্ত। কিন্তু পরের তিন বলে মৃত্যুঞ্জয় হিসেব পাল্টে দেন। টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। প্রথমে মাহিদুল ইসলাম অঙ্কন। পরে জহির খান ও বিলাল সামিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। সব মিলিয়ে ৪৩ রানে ৩ উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয়।
বিপিএলে মৃত্যুঞ্জয়ের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। সব মিলিয়ে বিপিএলের দশম হ্যাটট্রিক। আজকের হ্যাটট্রিকে অনন্য এক রেকর্ডে মৃত্যুঞ্জয় নিজের নাম তুলেছেন। একমাত্র বোলার হিসেবে বিপিএলে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড তার দখলে। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

