টরন্টোর বাংলা ব্যান্ড গ্রুপ ‘অভিযাত্রিক’-এর প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’র প্রিমিয়ার সম্প্রতি টরন্টোর মারখাম-কিংস্টনের হ্যালিব্যাট ফিশ অ্যান্ড চিপস হাউসে অনুষ্ঠিত হয়েছে। টরন্টোর প্রতিনিধিত্বশীল বিভিন্ন ব্যান্ড গ্রুপের শিল্পীসহ সংগীতশিল্পী, লেখক, সাংবাদিক এবং সুধীজনরা এই প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আসমা হকের উপস্থাপনায় প্রিমিয়ার অনুষ্ঠানে অভিযাত্রিকের ভোকাল ও লিড গিটার নোভেল সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলা ব্যান্ড সংগীতকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলার অভিপ্রায় নিয়ে ২০২২ সালে বিজয় দিবসের কনসার্ট দিয়ে ‘অভিযাত্রিক’ যাত্রা শুরু করে। সেই থেকে প্রবাসে ব্যান্ডটির সংগীত চর্চা অব্যাহত আছে।
তিনি জানান, ‘একান্ন টুকরো’ তাদের প্রথম মিউজিক ভিডিও এবং ভিডিওটি নির্মাণের ক্ষেত্রে তারা মৌলিক গানকে বেছে নিয়েছেন। ভিডিওটি প্রযোজনা করেছে এলধাহস ফিল্ম।
এলআরবির আবদুল্লাহ আল মাসুদের কথা, সুর ও সংগীত নির্দেশনায় গানটিতে অংশ নিয়েছেন ভোকাল ও লিড গিটার নোভেল, কিবোর্ড মোক্তাদির শুভ, লিড গিটার ফাবিয়ান, বেইজ রোল্যান্ড-ড্রামস নাফিস, আহসান হাবীব এবং আরেলি মেলেন্দেজ এতে অভিনয় করেছেন।
প্রেম এবং বিরহকে উপজীব্য করে অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ দর্শক-শ্রোতার প্রশংসা অর্জন করেছে।

