মোংলায় ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ এলাকার বিদ্যারবাহন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা পৌর শহরের রিগনপাড়া এলাকার দিনেশ বিশ্বাসের মেয়ে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, শুক্রবার বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘মোংলা কমিউটার’ ট্রেনটি দিগরাজের বিদ্যারবাহন এলাকায় পৌঁছালে দুপুর পৌনে ১টার দিকে নয়মী বিশ্বাস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীর খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুর আলম গাজী বলেন, নির্জন বিদ্যারবাহন এলাকায় ট্রেনে কাটা পড়ে যে নারীর মৃত্যু হয়েছে তিনি মোংলা পৌরসভার রিগনপাড়ার বাসিন্দা। তিনি কেন একা ওই এলাকায় এসেছিলেন এবং সেখানে তার কোনো আত্মীয় আছে কী না—এসব বিষয়ে অনুসন্ধান চলছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

