‘দেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সেজন্যই এবারের গণভোট’

0
‘দেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সেজন্যই এবারের গণভোট’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সেজন্যই এবারের গণভোট।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোট বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে কৃষি বিভাগের ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বুধবার (৭ জানুয়ারি) অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।

তিনি বলেন, গণভোটের এই সুযোগ আগামী ৫ বছর বা ১০ বছরে আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে, তা ঠিক করে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের যে কয়টি মন্ত্রণালয়ের উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনবল আছে, তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয় অন্যতম।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আপনাদের যে যোগাযোগ আছে, তার মধ্য দিয়ে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও বিগত ১৬ বছরের সংগ্রামে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। তারা প্রাণ দিয়ে আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন—এমন ব্যবস্থা করার, যেন আমরা আগের সেই অবস্থায় ফিরে না যাই।

কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, গণভোটকে আপনারা মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করুন। মানুষের কাছে যেন বিষয়টি সহজবোধ্য হয়, সেজন্য গণভোটকে ‘হ্যাঁ-না’ ভোট হিসেবে উপস্থাপনের পরামর্শ দেন তিনি।

পাশাপাশি গণভোটের ফলে কী কী পরিবর্তন আসবে, তা সময় নিয়ে মানুষকে বুঝিয়ে বলার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন অধ্যাপক আলী রীয়াজ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন সব দফতর-সংস্থার কর্মকর্তা ও মাঠকর্মীরা ভার্চ্যুয়ালি এই সভায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here