সময়োপযোগী দক্ষতায় তরুণদের প্রস্তুত করতে আশুলিয়ায় ‘পথের দিশা’ সম্মেলন অনুষ্ঠিত 

0

আখতার রাফি : ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও সঠিক দিকনির্দেশনায় প্রস্তুত করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার সম্মেলন ‘পথের দিশা’।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের পৃষ্ঠপোষকতায় এবং হাবিব হসপিটালের সহযোগিতায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় হাবিব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার মেধাবী শিক্ষার্থী, প্রযুক্তিবিদ এবং কর্পোরেট খাতের মানবসম্পদ ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা তথ্যপ্রযুক্তি, কর্পোরেট সেক্টর, উদ্যোক্তা উন্নয়ন, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টসহ বিভিন্ন পেশা ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিষয়ভিত্তিক দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনায় তরুণদের ভবিষ্যৎ জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অভিভাবকরাও সন্তানের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তবধর্মী ও যুগোপযোগী ধারণা লাভ করেন বলে জানান আয়োজকরা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন,

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশ বিনির্মাণ,এই স্বপ্ন তারেক রহমান দেখছেন মেধাবী ও তরুণদের কাজে লাগিয়ে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। তরুণদের সঠিক পরামর্শ, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া গেলে তারাই ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় তরুণদের সময়োপযোগী সিদ্ধান্ত ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ সাফল্যের সুস্পষ্ট রূপরেখা প্রণয়নে ‘পথের দিশা’ সম্মেলন একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন,

পরিকল্পিত প্রস্তুতি ও সময়োপযোগী সিদ্ধান্তই তরুণদের ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি। শুধু সনদ নয়, দক্ষতা ও নৈতিকতা থাকলেই একজন তরুণ জীবনে সফল হতে পারে।

তিনি এ ধরনের ক্যারিয়ার সম্মেলন শিক্ষার্থীদের সঠিক পথ বেছে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আব্বাস উদ্দীন শায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here