ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা পৌর সদরের নওপাড়া মহল্লার খন্দকার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, ভাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা মির্জা ইমরান, নারী নেত্রী নারগিস আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি নেতা হাসান খন্দকার ও রাজু খন্দকারের সার্বিক পৃষ্ঠপোষকতায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, এটি কোনো অনুদান নয়, আপনাদের জন্য সামান্য উপহার। আপনাদের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কের কেবল যাত্রা শুরু হয়েছে। এ সম্পর্ককে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব।

