বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমের গুরুত্ব দেওয়া উচিত। কারণ এটি শিক্ষার্থীদের মনন ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, যা কর্মজীবনে সাফল্যের জন্য জরুরি। পাঠ্যবইয়ের বাইরের এ শিক্ষা মনকে সতেজ রাখে।
শনিবার সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ্যানি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই মাদককারবারিরা পালিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, সবাই রাজনীতি করবে বা নির্বাচিত প্রতিনিধি হবে এমন নয়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক হবে; আবার কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করবে। কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি বা সচিব হবে- এই চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হামদে বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

