পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

0
পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়কের সিঅ্যান্ডবি মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি, বেড়া উপজেলাকে অন্যায়ভাবে পাবনা-১ আসন থেকে পৃথক করে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে, যা এলাকার জনগণের স্বার্থবিরোধী।

তারা জানান, বেড়া উপজেলার মানুষের ব্যবসা-বাণিজ্য, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ মূলত সাঁথিয়া উপজেলার সঙ্গে। সেক্ষেত্রে বেড়াকে পাবনা-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত স্থানীয়দের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছে। তারা দাবি জানান, যদি পাবনা-১ আসন থেকে বেড়াকে বাদ দেওয়া হয়, তবে এটিকে স্বতন্ত্র একটি সংসদীয় আসন হিসেবে ঘোষণা করতে হবে।

অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

অবরোধে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনও ধরনের সহিংসতা এড়াতে পুলিশ টহল জোরদার রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here