চাঁদপুরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ মাদক কারবারি গ্রেফতার

0
চাঁদপুরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ১১ মাদক কারবারিকে গ্রেফতার এবং ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত একাধিক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযান সূত্রে জানা গেছে, কচুয়ার কোয়া এলাকা থেকে মানিক (২২) ও মনির (২৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই উপজেলার শাহেদাপুর থেকে ইমাম হোসেন (৩৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্প শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের দুটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।

সদর উপজেলার বাবুরহাট এলাকায় চার মাদক কারবারি—আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)—কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে শহরের নাজিরপাড়া এলাকা থেকে মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালি এলাকায় চালানো আরেকটি অভিযানে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here