পাবনায় অপহরণের ঘটনায় গ্রেফতার ১

0
পাবনায় অপহরণের ঘটনায় গ্রেফতার ১

পাবনায় স্বামীকে কবরস্থানে বেঁধে রেখে স্ত্রী ও ১৩ বছরের মেয়েকে গভীর রাতে অপহরণের ঘটনার মূলহোতা তুহিনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এনামুল হক।

এ সময় তিনি বলেন, গত ২৩ আগস্ট রাত একটার দিকে পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থান এলাকায় কবরস্থানে স্বামী ওবায়দুল্লাহ সরদারকে বেঁধে রেখে ভাড়া বাসা থেকে স্ত্রী মাফিজা খাতুন (২৬) এবং তার কন্যা জুথী খাতুনকে (১৩) দূর্বৃত্তরা হাতে পিস্তল, ধারালো দেশীয় অস্ত্র, ছোরা, লোহার হাতুড়ির মুখে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে। সেখান থেকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুরে অজ্ঞাত স্থানের ফাঁকা বাড়িতে আটক করে রাখে। ঘটনাকে কেন্দ্র করে পাবনা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় চরম আতংক ছড়িয়ে পরে।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এনামুল হক আরো বলেন, পরে ভিকটিম মাফিজা খাতুন (২৬) নিজেই বাদী হয়ে ছয়জনসহ অজ্ঞাতনামা আরও আট থেকে দশজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূলহোতা তুহিনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। সে সদর উপজেলার রাজা বটতলা এলাকার মোয়াজ্জেমের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here