জোটা ও তার ভাইকে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন

0
জোটা ও তার ভাইকে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন

সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া দিয়েগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো পর্তুগাল ফুটবল ফেডারেশন। রাজধানী লিসবনের সেলেকাও ট্রেনিং সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানে এ দুই প্রয়াত ফুটবলারের সম্মানে উন্মোচন করা হয় তাদের জার্সি নম্বর সম্বলিত দুটি ভাস্কর্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল জাতীয় দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ফুটবল কর্মকর্তাসহ দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনেগ্রো এবং বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোও।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনেগ্রো বলেন,”সরকারের পক্ষ থেকে আবারও জানাতে চাই জোটা ও আন্দ্রের পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা চিরন্তন। তাদের এই ত্যাগ ও অবদান আমরা কখনো ভুলব না। জোটা শুধু মাঠেই নন, হৃদয়ে থেকেও পর্তুগিজ ফুটবলের অংশ হয়ে থাকবেন।”

জোটা মৃত্যুর আগে জাতীয় দলে পরতেন ২১ নম্বর জার্সি। নিয়ম অনুযায়ী, এখন সেই জার্সি দিতে হতো অন্য কাউকে। তবে সম্মানের সাথে দায়িত্বটা গ্রহণ করেছেন জোটার ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেস।
এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন,”আমি জোটার পরিবারের অনুমতি নিয়েই এই জার্সি নম্বর নিতে চেয়েছি। এটা শুধু একটা নম্বর নয় ওর স্মৃতির প্রতীক। আমি চাই ও মাঠে না থেকেও আমাদের সঙ্গে থাকুক, প্রতিটি ম্যাচে, প্রতিটি মুহূর্তে।”

অনুষ্ঠানে জোটা ও আন্দ্রের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক, অ্যাওয়ার্ড এবং ডিপ্লোমা। জাতীয় দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, জোটা ও তার ভাইয়ের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শ্রদ্ধা জানানোর এই আবেগঘন মুহূর্তের মধ্যেই আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে সেলেকাও। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৬ সেপ্টেম্বর আর্মেনিয়া ও ১০ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here