আখতার রাফি : সাভারে মেসার্স পর্দা গ্যালারী নামে একটি লেপ-তোষক দোকান ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাটি ঘটে ১ সেপ্টেম্বর সোমবার রাত ১০টা ৪০ মিনিটে, সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় ফারুকের মালিকানাধীন ওই গোডাউনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

