নিজের উন্নতিতে মেসিকে কৃতিত্ব দিলেন ডেম্বেলে

0
নিজের উন্নতিতে মেসিকে কৃতিত্ব দিলেন ডেম্বেলে

বার্সেলোনায় থাকতে চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন উসমান ডেম্বেলে। তবে যেটুকু সময় পেয়েছেন, এর মাঝেই লিওনেল মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন তিনি। মেসিই তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, দিয়েছিলেন পরামর্শ। আর মেসির দেখানো সেই স্বপ্নই পূরণ করতে চাইছেন ডেম্বেলে, জিততে চান বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর।

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ডেম্বেলে। এরপর সেখানে মেসির সঙ্গে খেলেছেন চার মৌসুম। মাঠে যখনই সমস্যায় পড়েছেন, পাশে পেয়েছেন সর্বকালের সেরাদের একজন মেসিকে। এমনকি ড্রেসিংরুমে মেসির পাশের লকারটাও তার জন্য বরাদ্দ হয়েছিল।
 
ফোরফোরটু-কে দেওয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন ডেম্বেলে। তিনি বলেন, প্রথম দিন থেকেই আমার সঙ্গে মেসির সম্পর্কটা খুব ভালো ছিল। আমার লকার ছিল তার একদম পাশে। আমাকে বিভিন্ন বিষয়ে অনেক পরামর্শ দিতেন… যেন আগেই বুঝে যেতেন আমি কী চাই। তিনি বলেছিলেন, স্বপ্ন পূরণ করতে চাইলে সিরিয়াস হতে হবে। এরপর থেকে তার খেলা দেখতাম, শেখার চেষ্টা করতাম।

মাঠে মেসির অবস্থান, চলাফেরা, কৌশল এর সবই ডেম্বেলের কাছে শেখার বিষয় ছিল। তিনি বলেন, মেসি নম্বর টেন হিসেবে খেলুক বা নম্বর নাইন, মাঠে অবস্থান নেওয়ার কৌশলটা ছিল অসাধারণ। মাঝে মধ্যে চার-পাঁচ মিনিট যেন মাঠে তাকে দেখাই যায় না। তারপর হঠাৎ বল পেলে সবকিছু ঠিক কীভাবে করতে হবে, তা যেন তার মস্তিষ্কে আগে থেকেই লেখা থাকে।

দলে অন্যদের সাথে মেসির বোঝাপড়াও তুলে ধরেছেন ডেম্বেলে। তিনি বলেন, ‘জর্দি আলবা কখন সামনে উঠবে, কখন বল বাড়াবে- সব যেন মেসির আগে থেকেই জানা থাকত। সে ফুটবল ভীষণ ভালোভাবে বোঝে। নিজের অবস্থান নিখুঁতভাবে ঠিক করে নেয়। আর বল পায়ে থাকলে সে কী করতে পারে, সেটি তো আমরা সবাই জানি।’

বার্সেলোনায় চার মৌসুমে মেসির সঙ্গে ৯৫টি ম্যাচ খেলেছেন ডেম্বেলে। সর্বকালের অন্যতম সেরা এই তারকার সঙ্গে খেলতে পেরে গর্ববোধ করেন তিনি। ডেম্বেলের জিজ্ঞেস করা হয়, একদিন কি দুই বছরের মেয়েকে বলবেন মেসির সঙ্গে খেলার গল্প? ডেম্বেলে হাসিমাখা জবাব দেন, আমি তো এখনই তাকে বলি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here