কাশ্মীরে হড়কা বানে এখনও নিখোঁজ দুই শতাধিক

0
কাশ্মীরে হড়কা বানে এখনও নিখোঁজ দুই শতাধিক

হঠাৎ করেই সব এলেমেলো হয়ে গেলো। কিছু বুঝে ওঠার আগেই ঘটলো মর্মান্তিক ঘটনা। অনেকে মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। আর নিখোঁজের সংখ্যাও দুই শতাধিক।

কাশ্মীরের কিস্তওয়ারের ঘটনায় এক ব্যক্তি সাংবাদিকদের বলেছেন, এখনও পর্যন্ত নিজের হাতে দশটা লাশ উদ্ধার করেছি। যাঁরা পালাতে পেরেছেন, তাঁরা বেঁচে গেছেন। যাঁরা পারেননি, তারা হয় ভেসে গেছেন, না হয় এই পাথর-কাদার স্তূপের নীচে চাপা পড়েছেন।’ ধ্বংসস্তূপের দিকে আঙুল দিকে দেখিয়ে ভয়ার্ত মুখে বললেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর দুইশ’রও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এখনো। মৃত্যু হয়েছে ৬০ জনের। আহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে ইতিমধ্যেই।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারের চিশোতি গ্রামে যে বিপর্যয় নেমে আসে, তারই বর্ণনা দিতে গিয়ে শিউরে উঠেছিলেন এক প্রত্যক্ষদর্শী গ্রামবাসী। তাঁর কথায়, ‘দুপুর তখন সাড়ে ১২টা হবে। কেউ রান্নায় ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত ছিলেন। আচমকাই বাড়িঘরগুলি কেমন কাঁপতে শুরু করল। ভূমিকম্প হচ্ছে ভেবেছিলাম অনেকেই। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বড় বড় পাথর, কাদা আর পানির স্রোত বাড়িগুলির ওপর আছড়ে পড়ে চোখের নিমেষে ভাসিয়ে নিয়ে গেল।’’

চার দিকে তখন আর্ত চিৎকার। কিন্তু হড়কা বানের শব্দে সেই চিৎকারও যেন মিলিয়ে যাচ্ছিল। একের পর এক বাড়ি ভেঙে গুঁড়িয়ে ভাসিয়ে নিয়ে গেছে হড়কা বান। কত মানুষ সেই বাড়ির সঙ্গে ভেসে গেছে, তার সঠিক সংখ্যা এখনও জানা নেই। এমনই জানালেন ওই প্রত্যক্ষদর্শী। গ্রামের এক নারী বলেন, আমি ঘরে ছিলাম। ছুটে বেরিয়ে আসি। কোনও রকমে বেঁচেছি। বাইরে বের হতেই বাড়ির উপর আছড়ে পড়ল বিশাল জলস্রোত। দেখলাম, আমার বাড়িটা ভেসে চলে গেল। আরও এক গ্রামবাসী বলেন, হঠাৎ বাইরে চিৎকার শুনি। তখন খেতে বসেছিলাম। কিছু গ্রামবাসী চিৎকার করে বলছিলেন পালাও, পালাও। বুঝতে পারছিলাম না কোন দিকে পালাব।

পুঞ্চ থেকে কিস্তওয়ারে নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন সলাহুল হুসেন। তিনি জানান, ১২টার পর থেকে মেঘের পরিমাণ একটু একটু বাড়ছিল। সাড়ে ১২টা নাগাদ হঠাৎ জোরালো একটা আওয়াজ। তার পর তিনি দেখলেন, মাটি, পাথর, গাছ জলের স্রোতের সঙ্গে ভেসে আসছে। গ্রামে ঢোকার মুখেই একটি মন্দিরের পাশে অনেক দোকান ছিল। সেই দোকানগুলিতে তখন বেশ ভিড় ছিল। হড়কা বানে সব ভেসে গেছে। তার পরই সলাহুল বলেন, নিজে হাতে ১০ জনের লাশ উদ্ধার করেছি পাথর, কাদার স্তূপের নীচ থেকে। আরও অনেক লোক ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here