জার্মানির বর্ষসেরার ফুটবলার ভিয়েৎস

0
জার্মানির বর্ষসেরার ফুটবলার ভিয়েৎস

রেকর্ড পারিশ্রমিকে লিভারপুলে পাড়ি জমিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ফ্লোহিয়ান ভিয়েৎস। এর আগে তিনি পেয়ে গেলেন প্রেরণার বড় রসদ। জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন তরুণ এই মিডফিল্ডার।

গতবারসহ দুইবারের জার্মান বর্ষসেরা রেয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস উচ্ছ্বসিত কণ্ঠে নতুন বিজয়ীকে বললেন, “তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না।”

গত মৌসুমে বায়ার লেভারকুজেন খুব ভালো করতে না পারলেও মৌসুমজুড়ে ভিয়েৎসের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আগের মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখেই ম্যাচের পর ম্যাচ আলো ছড়ান তিনি। জাতীয় দলের হয়েও তিনি ছিলেন উজ্জ্বল। উয়েফা নেশন্স লিগে জার্মানি সেমি-ফাইনালে হেরে গেলেও আসরের সেরা পারফরমাদের একজন ছিলেন ভিয়েৎস।

জার্মানির বর্ষসেরার লড়াইয়ে শেষ পর্যন্ত তার ধারেকাছে যেতে পারেননি কেউ। ১৯১ ভোট পেয়ে সেরা হয়েছেন তিনি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি। এছাড়া ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড, মৌসুম শেষে বায়ার্নে ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি টানা টমাস মুলারের ভোট ৭০টি।

১৯৬০ সাল থেকে জার্মানির বর্ষসেরার পুরস্কার দেওয়া হচ্ছে। সর্বোচ্চ চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রানৎস বেকেনবাউয়ার। বর্ষসেরা কোচের খেতাব এবার জিতেছেন এসসি ফ্রাইবার্কের ইউলিয়ান শুস্টার। প্রধান কোচ হিসেবে ক্যারিয়ারের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি পেলেন ৪০ বছর বয়সী কোচ। সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে বুন্ডেসলিগায় এবার পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফ্রাইবুর্ক। আগের মৌসুমে লিগে তারা ছিল ১০ নম্বরে।

বর্ষসেরা কোচের স্বীকৃতি দেওয়া হচ্ছে ২০০২ সাল থেকে। সর্বোচ্চ তিনবার করে এটি জিতেছেন ইয়ুর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাথ। ৬০৮ ভোট করে পেয়ে যৌথভাবে মেয়েদের বর্ষসেরা জুলিয়া গুভিন ও আন-কাতরিন বের্গার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here