সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি

0
সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেয়েছে পিএসজি। ইউরোপ চ্যাম্পিয়নদের মোটা অঙ্কের জরিমানা করেছে উয়েফা।

গত মে মাসে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। সেখানে সমর্থকদের মাঠে ঢুকে পড়া, আতশবাজি পোড়ানো, জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি করা ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের অভিযোগ আনা হয় ফরাসি ক্লাবটির বিরুদ্ধে।

শেষ বাঁশি বাজার পর উদযাপনের জন্য পিএসজির হাজার হাজার সমর্থক মাঠে নেমে পড়ে, বিপুল সংখ্যক সমর্থক গোলপোস্টের পেছন দিয়ে মাঠে ছড়িয়ে পড়ে, তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের।

ইউরোপিয়ান ফুটবল নিয়ন্তা সংস্থা উয়েফা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পিএসজির শাস্তির কথা জানিয়েছে। ক্লাবটিকে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, সমর্থকদের মাঠে নেমে পড়া ও আতশবাজি ব্যবহারের জন্য যা সবচেয়ে বড় শাস্তি।

উয়েফা প্রতিযোগিতায় পিএসজির একটি ম্যাচের জন্য অ্যাওয়ে টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, যদিও এই শাস্তি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here