মশা তাড়াতে খড়ের আগুন গোয়ালে, গরু-ছাগল বাঁচাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

0
মশা তাড়াতে খড়ের আগুন গোয়ালে, গরু-ছাগল বাঁচাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোঁয়া দেওয়ার আগুন থেকে গোয়াল ঘর পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা গরু-ছাগলকে বাঁচাতে গিয়ে কুলসুম নামে এক বৃদ্ধার মৃত্যু  হয়েছে।

সোমবার রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকার জাক্কু মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কুলসুম (৬০) জাক্কু মন্ডলের স্ত্রী।

জানা যায়, সোমবার সন্ধ্যার পর কুলসুমের স্বামী জাক্কু মন্ডল গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন। আনুমানিক রাত ৮টার দিকে ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়াল ঘরে। খবর পেয়ে বৃদ্ধা কুলসুম গরু ও ছাগল বাঁচাতে গোয়াল ঘরে প্রবেশ করেন। এ সময় গরুর পায়ের নিচে পড়ে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই কুলসুমের মৃত্যু হয় এবং গোয়াল ঘরে থাকা দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here