ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকির আশঙ্কা, হোটেলে বন্দি ছিলেন রোহিতরা!

0
ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকির আশঙ্কা, হোটেলে বন্দি ছিলেন রোহিতরা!

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল আমেরিকা। সে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলকে হোটেলেই বন্দি থাকতে হয়েছিল দু’দিন। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।

জিয়োহটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে শুনেছিলাম কোথাও থেকে হুমকি এসেছে। কিছু একটা হচ্ছিল। ম্যাচের দু’দিন আগে আমাদের হোটেল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি ছিল না। ঘরে বসেই খাবার খেতাম আমরা। গোটা হোটেলে এত লোক ছিল যে, ঘরের বাইরেও বের হতে পারতাম না। সমর্থক, সংবাদমাধ্যম, সকলেই ছিল হোটেলে। বুঝতে পারছিলাম ভারত-পাকিস্তান ম্যাচটা বাকি সব ম্যাচের থেকে আলাদা।’

উল্লেখ্য, রোহিত সম্প্রতি টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তিনি কেবল ওয়ান ডে ফরম্যাটে ভারতের হয়ে খেলবেন এবং সেই দলের অধিনায়কও তিনি। তাঁর নেতৃত্বেই ভারত জিতেছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি।

স্টেডিয়ামে পৌঁছানোর সময়ের অভিজ্ঞতা সম্পর্কে রোহিত বলেন, ‘আমরা যত স্টেডিয়ামের কাছে যাচ্ছিলাম, তত উৎসব দেখছিলাম। ভারত এবং পাকিস্তানের সমর্থকেরা নাচছেন। আমরা বহু ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছি। কিন্তু ম্যাচের আগে সমর্থকদের যে উত্তেজনা, সেটার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা করা সম্ভব নয়।’

বর্তমানে ক্রিকেট থেকে কিছুটা বিশ্রামে রয়েছেন রোহিত। স্ত্রী রীতিকা সাজদেহকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইতালির মিলানে। তবে  আবার মাঠে ফিরবেন তিনি। আগস্টে বাংলাদেশের সঙ্গে ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে খেলবেন রোহিত। অন্যদিকে, ভারতীয় দল এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে, যার নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here