বাগেরহাটে শতবর্ষের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু, ১৫ দিনব্যাপী মেলায় উৎসবের আমেজ

0
বাগেরহাটে শতবর্ষের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু, ১৫ দিনব্যাপী মেলায় উৎসবের আমেজ

বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। শুক্রবার (২৭ জুন) দুপুরে লাউপালা গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথ টেনে বের করা হয়।

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে আয়োজিত এই রথযাত্রা দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং শতবর্ষের পুরোনো ধর্মীয় উৎসব। আয়োজকদের দাবি, রথযাত্রার এই ঐতিহ্য প্রায় চারশ বছরের পুরনো।

রথযাত্রা উপলক্ষে লাউপালায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা। মেলায় হস্তশিল্প, খেলনা, শিশুদের বিনোদন সরঞ্জাম, মিষ্টান্নসহ নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ছোট-বড় সবার পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

আয়োজকরা জানান, পুরো উৎসবজুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং নিরাপত্তার জন্য সার্বক্ষণিক ব্যবস্থা। আগামী ১২ জুলাই ‘উল্টো রথযাত্রার’ মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহন লাল হালদার, সদস্য সচিব বাবুল হালদার বিপ্লব, যাত্রাপুর রথযাত্রা মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

লাউপালা রথ মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদার বলেন, ‘‘প্রতি বছর এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে। শিশু থেকে বৃদ্ধ—সবাই মিলে রথ টানা, ভগবানের দর্শন ও আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ আমাদের আত্মিক শান্তি দেয়। এ উৎসব শুধু ধর্মীয় নয়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও বড় অংশ।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here