ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানাল সৌদি আরব

0
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানাল সৌদি আরব

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। 

শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অধিকৃত বাহিনীর দেওয়া নিরপত্তায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতার ঘটনায়, বিশেষ করে কাফর মালিক গ্রামে সংঘটিত হামলার, সৌদি আরব কঠোরভাবে নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। 

পশ্চিম তীরের রামাল্লাহর কাছে কাফর মালিক গ্রামে বুধবার একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত ও সাতজন আহত হন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে। বিশেষ করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই হামলার মাত্রা আরও বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে এবং ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার বেসামরিক নাগরিকদের ওপর চালানো সহিংসতারও নিন্দা জানিয়েছে। বিশেষ করে যেখানে বিপদগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছে সেই স্থানগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। 

বিবৃতিতে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা ইসরায়েলি লঙ্ঘনের অবসান ঘটাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সূত্র: আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here