৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

0
৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

মাঝে আট বছরের দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই হয়তো পর্দায় ফিরতে চলেছেন আনুশকা শর্মা। বলিউডে কান পাতলে নাকি এমনটিই শোনা যাচ্ছে। সেই সিনেমায় নাকি দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।

শোনা যাচ্ছে, দক্ষিণের নামী পরিচালক অ্যাটলির তেলুগু সিনেমার মাধ্যমে নাকি পর্দায় প্রত্যাবর্তন হবে অভিনেত্রীর। সব ঠিক থাকলে ‘এএ২২Xএ৬’ সিনেমাতে দেখা যেতে পারে অভিনেত্রী। এমন কল্পবিজ্ঞান ঘরানার সিনেমাতে আগে কোনওদিন অভিনয় করেননি আনুশকা। প্রথমবার ছক ভাঙা কাজ করবেন তিনি। শুধু আনুশকাই নন।

শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের দেখা যাবে। রাশিমকাকে আবার দেখা যেতে পারে খলনায়িকার ভূমিকায়। এই প্রথম কোনও সিনেমায় এমন ভিন্ন রূপে ধরা দেবেন তিনি। এখন প্রশ্ন হল, অ্যাটলির এই সিনেমাতে নায়কের ভূমিকায় কি কোনও বলিউড অভিনেতাকে দেখা যাবে নাকি অন্য কেউ।

শোনা যাচ্ছে, এই সিনেমার পরতে পরতে চমক থাকবে। নায়ক নাকি দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এক নয়, একাধিক চরিত্রে দেখা যাবে তাকে। তবে সবটাই গুঞ্জন। এখনও পর্যন্ত এই বিষয়ে অ্যাটলি কিংবা আনুশকা- কারও পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলে রাখা ভালো, ক্যারিয়ারের মধ্যগগনে বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুশকা। বর্তমানে দুই সন্তানের বাবা-মা। তাদের সুখী দাম্পত্যের রসায়ন আজও সবাইকে অবাক করে। বর্তমানে লন্ডনে সংসার করছেন তারা।

আনুশকাকে শেষবার ২০১৮ সালে দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। শাহরুখ খানের সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন তিনি। এটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। ২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ কাজ করার কথা ছিল আনুশকার। সেই সিনেমার কাজ অসম্পূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here