৫১ বলে সেঞ্চুরি করে মান্ধানার অনন্য কীর্তি

0
৫১ বলে সেঞ্চুরি করে মান্ধানার অনন্য কীর্তি

ট্রেন্ট ব্রিজের মাঠে শনিবার এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ইতিহাস গড়লেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে শতক ও ৬২ বলে ১১২ রান করেন তিনি। এ নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন।

এই ইনিংসে মান্ধানা হাঁকিয়েছেন ১৫টি চার ও ৩টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম শতক এবং ভারতের নারী ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আগের রেকর্ডটি ছিল হারমানপ্রিত কৌরের। তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৩ রান।

হারমানপ্রিতের চোটের কারণে প্রথম ম্যাচে দলের নেতৃত্বও দেন মান্ধানা। এই ম্যাচে ভারত তুলে নেয় ২১০ রানের বিশাল পুঁজি। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। ফলে ভারত ৯৭ রানের বড় ব্যবধানে জয় পায়।

২৮ বছর বয়সী মান্ধানা এখন বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার। যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন। এর আগে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here