৪ মাসে তৃতীয়বার ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও সাবালেঙ্কা

0
৪ মাসে তৃতীয়বার ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও সাবালেঙ্কা

নারী টেনিসে শিরোপার লড়াইয়ে প্রায়ই মুখোমুখি হচ্ছেন দুই তারকা এলেনা রিবাকিনা ও আরিনা সাবালেঙ্কা। চার মাসের কিছু বেশি সময়ের মধ্যে তৃতীয়বারের মতো কোনো ফাইনালে দেখা হতে যাচ্ছে তাদের।

আগামী রবিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবেন এই দুই তারকা।

বাংলাদেশ সময় শনিবার সকালে সেমিফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর সাবালেঙ্কা ৬–৩, ৬–৪ গেমে হারান লিন্ডা নসকোভাকে। অন্য সেমিফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা রিবাকিনা ৭–৫, ৬–৪ গেমে পরাজিত করেন ইউক্রেনের এলিনা স্ভিতোলিনাকে। 

ফাইনালে মুখোমুখি হওয়ার ইতিহাসে এখন পর্যন্ত পাঁচবার দেখা হয়েছে রিবাকিনা ও সাবালেঙ্কার। সেখানে ৪–১ ব্যবধানে এগিয়ে আছেন কাজাখস্তানের তারকা রিবাকিনা। গত নভেম্বরে ডব্লিউটিএ ফাইনালস এবং চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন তিনি।

রিবাকিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠলেন। ২০২৩ সালে এই টুর্নামেন্টের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিলেন তিনি। এবারও দারুণ এক লড়াইয়ের প্রত্যাশা করছেন কাজাখ তারকা।

রিবাকিনা বলেন, ‘আমি যতটা সম্ভব লড়াই করব। আশা করি, দর্শকরা একটি দারুণ ম্যাচ উপভোগ করবে।’

অন্যদিকে সাবালেঙ্কা এর আগে দুইবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে খেললেও দুবারই শিরোপা হাতছাড়া হয়েছে। তাই এবার নিজের সেরাটা দিয়ে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য বেলারুশের এই টেনিস তারকার।

তিনি বলেন, ‘ফাইনালে উঠতে পেরে ভালো লাগছে। এখানে আমি আগে দুটি ফাইনাল হেরেছি। তাই এবার নিশ্চিত করতে চাই যে আগের চেয়ে আরও ভালোভাবে প্রস্তুত হয়ে নামছি। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here