৪৩ বছরেও দাপুটে অ্যান্ডারসন, মৌসুম শুরু ৫ উইকেটে

0
৪৩ বছরেও দাপুটে অ্যান্ডারসন, মৌসুম শুরু ৫ উইকেটে

বয়স শুধু সংখ্যা, এ কথার প্রমাণ যেন আবারও দিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। ৪৩ বছর বয়সেও বল হাতে তার ধার যে কমেনি, তা স্পষ্ট হলো নতুন মৌসুমের শুরুতেই।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৬৪ রানে ৫ উইকেট শিকার করেছেন ল্যাঙ্কাশায়ার অধিনায়ক অ্যান্ডারসন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৫৬তম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।

৩০৫টি ম্যাচ খেলে তার প্রথম শ্রেণির উইকেট সংখ্যা এখন ১,১৪৮।

২০২৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন জেমস অ্যান্ডারসন। ১৮৮টি টেস্ট খেলে ৭০৪ উইকেট নিয়ে তিনি বিদায় নেন, যা তাকে টেস্ট ইতিহাসের সফলতম পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অবসরের পর ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক হিসেবেও কাজ শুরু করেন তিনি।

তবে মাঠ ছাড়েননি পুরোপুরি। গত মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৬ ম্যাচে ১৭ উইকেট নেন এবং প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরে ২০ উইকেট শিকার করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

গত নভেম্বরে নতুন চুক্তিতে স্বাক্ষর করে পেশাদার ক্যারিয়ারের ২৬তম মৌসুম শুরু করেন তিনি। মূল অধিনায়ক কিটন জেনিংস দায়িত্ব ছাড়ার পর এবার দলের নেতৃত্বও পান অ্যান্ডারসন।

নর্থ্যাম্পটনে ম্যাচে প্রথম ইনিংসে ৩৮৪ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। জবাবে অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ে দিন শেষে ৯ উইকেটে ২১৫ রান তোলে নর্থ্যাম্পটনশায়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here