বিনোদন জগতে শোকের ছায়া নামিয়ে মাত্র ৩৭ বছর বয়সে চিরবিদায় নিলেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা’ সিজন সেভেন-এর প্রতিযোগী মায়াঙ্ক পাওয়ার। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়েছে।
মায়াঙ্কের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে, যা শুনে স্তব্ধ হয়ে গেছেন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
পরিবারের পক্ষ থেকে দেওয়া ওই বার্তায় মায়াঙ্ককে একজন ‘চ্যাম্পিয়ন, মেন্টর এবং অনেকের অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করা হয়েছে। শোকবার্তায় আরও বলা হয় যে, তিনি চিরকাল তার প্রিয়জনদের হৃদয়ে বেঁচে থাকবেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে খোলাসা করা হয়নি।
মায়াঙ্ক পাওয়ারের স্মৃতিতে আগামী ২৫ ফেব্রুয়ারি নয়াদিল্লির রানা প্রতাপ বাঘের বাল্মীকি মন্দিরে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা উপস্থিত হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
মায়াঙ্ক পাওয়ার মূলত জনপ্রিয় ডেটিং রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা ৭’-এর মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান। ওই শো-তে তার সততা এবং টাস্ক করার সময় অদম্য মানসিকতা দর্শকদের মন জয় করেছিল। এমনকি তার বিদায়বেলায় সঞ্চালিকা সানি লিওনিসহ সেটের সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
রিয়ালিটি শো-র পাশাপাশি ফিটনেস জগতেও তার ব্যাপক সুনাম ছিল। বডিবিল্ডিংয়ের দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া মায়াঙ্ক এর আগে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবও জয় করেছিলেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন।
সূত্র: এনডিটিভি

