২৪ ঘণ্টায় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা করেনি রাশিয়া : জেলেনস্কি

0
২৪ ঘণ্টায় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা করেনি রাশিয়া : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে (বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহব্যবস্থা) কোনো লক্ষ্যভিত্তিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি। তবে ফ্রন্টলাইনের কাছে থাকা কিছু জ্বালানি স্থাপনায় গোলাবর্ষণ হয়েছে বলে তিনি জানান।

সোমবার (২ ফেব্রুয়ারি) টেলিগ্রামে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেন, সাম্প্রতিক শীতের তীব্রতা এবং রুশ হামলার কারণে পরিস্থিতি এখনও কঠিন। তবে বিদ্যুৎ ব্যবস্থা বর্তমানে স্থিতিশীলভাবে চলছে। তিনি জানান, সপ্তাহান্তে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেওয়ার পর ক্ষতিগ্রস্ত কিছু স্থাপনা মেরামত করে পুনরায় চালু করা হয়েছে।

রাশিয়ার সঙ্গে হওয়া স্বল্পমেয়াদি জ্বালানি যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হয়নি, জেলেনস্কির বক্তব্যে সেটা ইঙ্গিত দিচ্ছে।

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে গত সপ্তাহে এই যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া। তবে যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে মতভেদ রয়েছে।

জেলেনস্কি অভিযোগ করেন, বর্তমানে রুশ বাহিনী জ্বালানি স্থাপনার বদলে পরিবহন লজিস্টিকস, বিশেষ করে রেলওয়ে অবকাঠামোতে হামলায় বেশি মনোযোগ দিচ্ছে।

এদিকে যুদ্ধ থামাতে আলোচনা এগিয়ে নিতে ইউক্রেন ও রাশিয়া এই সপ্তাহে আবু ধাবিতে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বৈঠক হওয়ার কথা বুধবার ও বৃহস্পতিবার (বাংলাদেশ সময় অনুযায়ী)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here