২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি

0
২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি

দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে দলে ফেরার অনুমতি পেয়েছেন গাভি। আগামীকাল লা লিগায় বার্সেলোনার হয়ে সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে।

গত বছরের আগস্টের শেষ দিকে হাঁটুতে চোট পান এই স্প্যানিশ মিডফিল্ডার। পরে সমস্যার সমাধানে তার আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা বুঝতে পারেন চোটটি ধারণার চেয়ে বেশি গুরুতর। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রায় ছয় মাসের বেশি সময় পুনর্বাসন ও চিকিৎসা শেষে অবশেষে ম্যাচ খেলার জন্য মেডিকেল অনুমোদন পেয়েছেন তিনি।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, গাভি এখন পুরোপুরি সুস্থ এবং সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলার জন্য প্রস্তুত।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেন, ‘সে ফিরে এসেছে দেখে আমি খুব খুশি। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। অনুশীলনে তাকে ভালো লাগছে, কিন্তু আমরা তাকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে চাই। গাভির মানসিকতা অসাধারণ এবং তার উদ্দীপনা দলকে বিশেষ কিছু দেয়।’

সম্প্রতি অ্যাথলেটিক ক্লাব ও নিউক্যাসল ইউনাইটেডর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দলের সঙ্গে ছিলেন গাভি। যদিও সেভিয়ার বিপক্ষে ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম, তবে ধীরে ধীরে ম্যাচে সময় বাড়িয়ে আবারও মূল ভূমিকায় ফিরতে পারেন তিনি।

চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটির সংগ্রহ ৬৭ পয়েন্ট। আর ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here