১২টি ভাষায় শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য

0
১২টি ভাষায় শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম আসর। এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।

আসরকে সামনে রেখে গতকাল পূর্ণাঙ্গ সূচির প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবার টুর্নামেন্টে ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছে আইপিএল-এর আনুষ্ঠানিক সম্প্রচারকারী স্টার স্পোর্টস। ইংরেজি ভাষার জন্য ২৭ জন তারকাখচিত ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রবি শাস্ত্রী, হর্ষ ভোগলে এবং সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ভারতীয় কণ্ঠও রয়েছেন।

অন্যদিকে ১২টি ভাষায় ১৫০ জনেরও বেশি ধারাভাষ্যকারের নাম রয়েছে। এর মধ্যে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, ভোজপুরি, হরিয়ানভি, মারাঠি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবি এবং মালয়ালমের মতো আরও বেশ কয়েকটি স্থানীয় ও আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্যের ব্যবস্থার রাখা হয়েছে।

এবারের আসরে সেরা বিদেশী ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লাকের্র মতো তারকা রয়েছেন। তবে বাংলাদেশ ও পাকিস্তানের কোনো ধারাভাষ্যকার তালিকায় স্থান পায়নি।

অন্যদিকে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং দীপ দাশগুপ্ত, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, আকাশ চোপড়া, হরভজন সিং, ইরফান পাঠান, বীরেন্দ্র শেবাগ, অনিল কুম্বলে এবং অন্যান্যদের পাশাপাশি হিন্দি ভাষার জন্য ২১ সদস্যের ধারাভাষ্য প্যানেল প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here