১০ বছরের মেয়ে শিশুকে অপহরণের পর হত্যা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিজয়

0
১০ বছরের মেয়ে শিশুকে অপহরণের পর হত্যা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ১০ বছর বয়সী ওই শিশুকন্যাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সুলুর এলাকার কান্নামপালায়াম হ্রদের কাছ থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্তিক ও মোহন রাজ নামে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ির পাশে মুদি দোকানে কেনাকাটা করতে গিয়েই অপহরণের শিকার হয় শিশুটি।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দা এবং নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী সুলুর থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (থালাপতি) এই বিষয়ে কোনো বিবৃতি বা আশ্বাস না দিলে মরদেহ হাসপাতাল থেকে নিতে অস্বীকৃতি জানান নিহতের পরিবার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সন্দীপ রাই রাঠোর নিজে তদন্তের তদারকি করতে কোয়েম্বাটুরে ছুটে যান। পাশাপাশি তামিলনাড়ুর মন্ত্রী এম এস সম্পথ এবং সুলুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত টিভিকে বিধায়ক এন এম সুকুমার হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং দ্রুত বিচারের আশ্বাস দেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর তীব্র শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি বলেন, কোয়েম্বাটুরে ১০ বছরের একটি মেয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং স্তম্ভিত করার মতো। আমাদের সমাজে এই ধরনের অমানবিক ও ক্ষমাহীন অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করা হবে না।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সদ্য গঠিত টিভিকে সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা শুরু করেছে বিরোধী দল ডিএমকে। বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১২ দিনের মধ্যে রাজ্যে ৩০টিরও বেশি বড় ধরনের অপরাধের ঘটনা ঘটেছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। 

অন্যদিকে, এই ঘটনার জন্য পাল্টা ডিএমকে-কে দায়ী করেছে বিজেপি। বিজেপি নেতা নারায়ণন তিরুপতি বলেন, পূর্ববর্তী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ধ্বংস করে রেখে গেছে, যার ফলশ্রুতিতে আজ এমন চরম বিপর্যয় দেখতে হচ্ছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here