১০ দিনের আল্টিমেটামের পর এবার ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

0
১০ দিনের আল্টিমেটামের পর এবার ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও টানটান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। কিন্তু সেই আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের ওপর ‘ছোট পরিসরে সামরিক হামলা’ বিবেচনা করা হতে পারে। এর মাত্র ২৪ ঘণ্টা আগেই তিনি ইরানকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। তখন তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে ‘খারাপ কিছু ঘটবে’।

সাংবাদিকেরা জানতে চান, ইরান চুক্তিতে রাজি না হলে তিনি কি সীমিত সামরিক হামলার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি—আমি বিষয়টি বিবেচনা করছি।’

ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর (শান্তি বিষয়ক বৈঠক) প্রথম সভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাব। আগামী প্রায় ১০ দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।

তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ ছিল না। তবে একটি কার্যকর চুক্তি করতেই হবে। না হলে পরিস্থিতি খারাপ হতে পারে।

অন্যদিকে ইরানও ইঙ্গিত দিয়েছে, আলোচনা ভেস্তে গেলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রও। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

বিশ্লেষকেরা মনে করছেন, এখন সব নজর আগামী ১০ দিনের দিকে। এই সময়ের মধ্যেই বোঝা যাবে, সমঝোতা হবে নাকি পরিস্থিতি আরও জটিল দিকে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here