আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ইতালি। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭তম ম্যাচে ১২৪ রানের সহজ লক্ষ্য ইতালিয়ানরা ছুঁয়ে ফেলে মাত্র ১২.৪ ওভারেই, হাতে তখনও অবশিষ্ট ছিল ৪৪ বল।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি এবং শুরু থেকেই বোলিং আক্রমণে চাপে ফেলে নেপালকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৫ রান করে বিদায় নেন কুশল ভুর্তেল। এরপর আসিফ শেখ (২০) ও অধিনায়ক রোহিত পাউডেল (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় ৪৯ রানের মধ্যেই দুজন ফিরে গেলে ধস নামে টপ অর্ডারে।
মিডল অর্ডারে আরিফ শেখ সর্বোচ্চ ২৭ রান করেন। দীপেন্দ্র সিং আইরি যোগ করেন ১৭ রান। শেষদিকে করণ কেসি ১১ বলে অপরাজিত ১৮ রানের ছোট ঝড় তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি নেপাল। ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান।
ইতালির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্রিশান কালুগামাগে। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এছাড়া আলি হাসান, জে জে স্মাটস ও জাসপ্রীত সিং একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইতালি। দুই ওপেনার জাস্টিন মস্কা ও অ্যান্থনি মস্কা নেপালের বোলারদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পাওয়ারপ্লেতেই আসে ৬৮ রান, যা ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়।
জাস্টিন মস্কা ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। অন্যপ্রান্তে আরও বিধ্বংসী ছিলেন অ্যান্থনি মস্কা। মাত্র ৩২ বলে ৩ চার ও ৬ ছক্কায় খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন ১২৪ রানের উদ্বোধনী জুটিতেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে ইতালি।
নেপালের কোনো বোলারই উইকেটের দেখা পাননি। সান্দীপ লামিচানে, করণ কেসি কিংবা দীপেন্দ্র আইরি—কারও বিপক্ষেই ভোগান্তিতে পড়তে হয়নি ইতালির ব্যাটারদের।
শৃঙ্খল বোলিং, ধারাবাহিক চাপ ও দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিং—সব মিলিয়ে একতরফা পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের শক্ত অবস্থান জানান দিল প্রথমবার অংশ নেওয়া ইতালি।

