ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন।
শনিবার এমপি নিজেই ঝাড়ু হাতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগাদা দেন।
তিনি জানান, জনগণের সেবা আমার রাজনীতি। হাসপাতাল মানুষের চিকিৎসার স্থান, তাই পরিচ্ছন্নতা অপরিহার্য। এদিনের অভিযানে কেরানীগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, হযরতপুর ২০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাভারের আমিনবাজার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়।
আমানউল্লাহ আমান বলেন, প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য আবর্জনা পরিবেশ দূষণ এবং রোগব্যাধি ছড়ানোর ঝুঁকি বাড়ায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অভিযান শুরু হয়েছে। তিনি জানান, ঢাকা-২ আসনে প্রতি শনিবার এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
গ্রামের সড়ক, অলিগলি ও মহাসড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মানুষকে বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, যা সুস্থ থাকা ও রোগজীবাণু থেকে রক্ষা পাওয়ার পথে গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

