গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হাসপাতাল চত্বরে শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুই দালালকে প্রমাণসহ আটক করে এ কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে কর্তৃপক্ষের নজরে আসে এবং বিভিন্ন সূত্র থেকে মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক অভিযান পরিচালনা করে দুই দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

