পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ফলে বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার সকালে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত দুইদিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিষেক।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত ম্যাচের আগেই অসুস্থ বোধ করছিলেন অভিষেক। ম্যাচ খেলার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। উচ্চ তাপমাত্রার জ্বরের কারণে তাকে হাসপাতালে ভর্তি করে ড্রিপ দিতে হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনেও অনুপস্থিত ছিলেন এই বাঁহাতি ওপেনার।
দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট মঙ্গলবার জানান, ‘অভিষেকের পেটে কিছুটা সমস্যা রয়েছে। আমরা আশাবাদী যে আগামী দুদিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে অভিষেক ‘গোল্ডেন ডাক’ মারেন এবং ফিল্ডিংয়ের সময় তার পরিবর্তে মাঠে ছিলেন সঞ্জু স্যামসন। এমনকি ম্যাচ জয়ের পর সৌজন্যমূলক করমর্দনের সময়ও তাকে মাঠে দেখা যায়নি। সুস্থতার ওপর নির্ভর করছে তিনি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না।
অভিষেকের অসুস্থতার মাঝেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এছাড়া ইনজুরি কাটিয়ে ছন্দে ফিরছেন জাসপ্রিত বুমরাহ।
কোচ ডেসকাট জানান, ১০ দিনের বিরতির পর বুমরাহ এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং পুরোদমে বোলিং শুরু করেছেন। এছাড়া গত ম্যাচে সূর্যকুমার যাদবের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসাও করেন তিনি।

