ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সুপারি চুরির অভিযোগকে কেন্দ্র করে ৯ বছর বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযুক্ত আতাহার আলী (৩২) একই গ্রামের বাসিন্দা ও ইমনের প্রতিবেশী।
ঘটনাটি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েক দিন আগে ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তোলেন আতাহার আলী। শুক্রবার সন্ধ্যায় তিনি ইমনকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আতাহার আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

