হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম

0
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। 

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় গতকাল রবিবার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যদিও পরে তা কিছুটা কমেছে।

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে থিতু হয়।

গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

ইরানকে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জিএমটি অনুযায়ী শনিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৪ মিনিটে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ঠিক এ মুহূর্ত থেকে’ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার ‘হুমকি ছাড়াই’ ইরানকে এ জলপথ পুরোপুরি খুলে দিতে হবে।

ট্রাম্প আরও লিখেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে! সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here