হবিগঞ্জে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

0

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামে এক দোকানদারকে রাতে ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে।

জানা গেছে, রবিবার (২৫ মে) দিবাগত রাত ৩ টার সময় একই গ্রামের প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তুলেন। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করে জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই নিহত হন জিল্লুর। 

জানা যায়, জাহাঙ্গীর জিল্লুরের চাচাত ভাই। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে দায়ের করা একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেয় জিল্লুর রহমান। এরপর থেকেই জিল্লুর রহমানের উপর ক্ষিপ্ত ছিল জাহাঙ্গীর।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান- লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একই সাথে আটক ঘাতক জাহাঙ্গীরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন- হত্যাকাণ্ডের মুল কারণ উদঘাটনে আমরা কাজ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here