হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব! বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারীর ভোগান্তি

0
হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব! বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারীর ভোগান্তি

বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা অভিযোগ করতে থাকেন—ভিডিও দেখা যাচ্ছে না, হোমপেজ ঠিকমতো খুলছে না।

ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘এখন যদি ইউটিউবে ঢুকতে সমস্যা হয়, আপনি একা নন। আমাদের টিম বিষয়টি দেখছে।’

পরে তারা জানায়, ভিডিও সাজেশন বা রেকমেন্ডেশন সিস্টেমে সমস্যা হয়েছিল। এ কারণে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসে ভিডিও দেখা যাচ্ছিল না। কোম্পানিটি আরও জানায়, হোমপেজ আবার চালু হয়েছে। তবে পুরোপুরি সমাধান বা ফুল ফিক্স আনতে তারা এখনো কাজ করছে।

সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায়, একসময় তাদের কাছে ৩ লাখের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান। রাত ০১:০০ জিএমটি (বাংলাদেশ সময় সকাল ৭টা) সময়ের দিকে অভিযোগ সবচেয়ে বেশি ছিল। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে।

সবচেয়ে খারাপ সময়ে অনেক ব্যবহারকারী ইউটিউবের হোমপেজে গিয়ে একটি বার্তা দেখেন—‘পরে আবার চেষ্টা করুন।’ গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে প্রতি মাসে ২.৫ বিলিয়নের (২৫০ কোটির) বেশি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করেন। তাই হঠাৎ এমন বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যাপক অস্বস্তি তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here