ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার অস্কার হঠাৎ করেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হয়েছেন তিনি, যার মূল কারণ গুরুতর হৃদরোগজনিত সমস্যা।
তার বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে, স্বাস্থ্যঝুঁকির কারণে অস্কার নিজের চুক্তি বাতিল করেছেন, যদিও ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত।
গত বছরের নভেম্বরে হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই ব্রাজিলিয়ান তারকাকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শরীরে ভ্যাসোভেগাল সিনকোপ নামের একটি সমস্যা শনাক্ত হয়, যার ফলে হঠাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় অস্কার জানান, তিনি আরও খেলতে চেয়েছিলেন এবং ক্লাবকে আরও কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি তাকে থামিয়ে দিয়েছে। এখন তিনি একজন সমর্থক হিসেবে সাও পাওলোর পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
অস্কারের ক্যারিয়ার ছিল সাফল্যে ভরা। ইংল্যান্ডের ক্লাব চেলসির হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। পরে চীনের সাংহাই পোর্ট দলে যোগ দিয়ে তিনবার চীনা সুপার লিগ জিতেছেন।
২০২৪ সালে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে নতুনভাবে যাত্রা শুরু করেছিলেন তিনি। তবে স্বাস্থ্যগত সমস্যার কারণে সেই অধ্যায় বেশিদিন স্থায়ী হলো না।
জাতীয় দলের হয়ে অস্কারের অন্যতম সাফল্য ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জয়। এছাড়া ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটিও করেছিলেন এই মিডফিল্ডার।

