স্যাম অল্টম্যানের বাসভবনে ককটেল নিক্ষেপ

0
স্যাম অল্টম্যানের বাসভবনে ককটেল নিক্ষেপ

সান ফ্রান্সিসকোতে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানের বিলাসবহুল বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এ হামলার পর পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর চারটার কিছু পরে এক অজ্ঞাতপরিচয় যুবক অল্টম্যানের বাড়ির বাইরের গেটে আগুন লাগানোর উদ্দেশ্যে দাহ্য বিস্ফোরক বস্তু নিক্ষেপ করে। এতে গেটের বাইরের অংশে আগুন ধরে যায়। হামলার পর ওই ব্যক্তি হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এর কিছু সময় পর একই ব্যক্তিকে সান ফ্রান্সিসকোতে ওপেনএআইয়ের প্রধান কার্যালয়ের কাছে দেখা যায়। সেখানে তিনি ভবনটিতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগের হামলার বর্ণনার সঙ্গে মিলিয়ে তাকে শনাক্ত করে এবং সঙ্গে সঙ্গে আটক করে। বর্তমানে ২০ বছর বয়সী ওই সন্দেহভাজন পুলিশ হেফাজতে রয়েছে। 

ওপেনএআই এক বিবৃতিতে জানায়, তাদের প্রধান নির্বাহীর বাসভবনে হামলার ঘটনাটি সত্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রতিষ্ঠানটি সহযোগিতা করছে। একই সঙ্গে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সান ফ্রান্সিসকো পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। 

হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার, কর্মসংস্থান ও সমাজে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে প্রযুক্তি সহায়তা দেওয়ার সিদ্ধান্তের পর থেকে ওপেনএআই ও স্যাম অল্টম্যানকে ঘিরে সমালোচনা আরও বেড়েছে।

ব্যক্তিগত ব্লগে স্যাম অল্টম্যান পরে তার স্বামী ও শিশুসন্তানের একটি ছবি শেয়ার করে সহিংস বক্তব্য ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তি নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে সহিংসতা কোনো সমাধান নয়। একই সঙ্গে তিনি মত দেন, প্রযুক্তিগত অগ্রগতি ভবিষ্যৎকে মানুষের জন্য আরও ভালো করতে পারে। 

এদিকে ওপেনএআইয়ের আর্থিক মূল্যায়ন সম্প্রতি আরও বেড়েছে। সর্বশেষ অর্থায়ন পর্বের পর প্রতিষ্ঠানটির মূল্য ৮৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানা গেছে। পাশাপাশি চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটির বেশি এবং গ্রাহক সংখ্যা প্রায় ৫ কোটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here